ফেনীতে ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ১২ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক পরিবার। একই অনুষ্ঠানে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী এক ব্যক্তিকে নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) শহরের মিড টাউন কনভেনশন হলে জাতীয় রক্তদান দিবস উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।
বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজে অনেক মানবিক কাজ করে যাচ্ছে। আরও সহযোগিতা পেলে তারা আরও ভালো কাজ করতে পারবে। স্বেচ্ছাসেবক পরিবার এসব সংগঠনের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করছে। ভবিষ্যতেও তিনি এসব সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী সোহাগের হাতেও নতুন অটোরিকশা তুলে দেওয়া হয়। গত ১৬ অক্টোবর ফেনীর বড় মসজিদের সামনে নামাজ আদায়ের সময় তার অটোরিকশাটি চুরি হয়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ও ফেনী রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য ওসমান গনি রাসেল তাকে নতুন অটোরিকশা দেওয়ার আশ্বাস দেন। পরে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের বিভিন্ন সংগঠন এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়।
আয়োজক কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুন, জেড ইউ হাসপাতালের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন পাঠান, বিসিবি কাউন্সিলর শরীফুল ইসলাম অপুসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি।
এ সময় মহিম উদ্দিন পৃথিবী, নুরনবী হাসান, খন্দকার সুমন, নিষাদ আদনান, নুর করিম মুন্না ও নুরুল আমিন সজিবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।