যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে ডোপ টেস্ট করার জন্য আয়োজন করতে পরামর্শ দিয়েছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের।
সোমবার (২ নভেম্বর) ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে এসব বলেন তিনি।
অনুষ্ঠানে ওসি আরও বলেন, সমাজের যেসব যুবকের মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে বিনামূল্যে ডোপ টেস্ট করার মাধ্যমে তাদেরকে সংশোধনের পথে আনা যাবে। তিনি বলেন, ডোপ টেস্টের মাধ্যমে যারা মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হবে তাদেরকে পুলিশ আইনের আওতায় নিয়ে আসতে সহজ হবে। এছাড়াও বিষয়টি সকলে জানলে যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে।
মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে অভিভাবক ও সচেতন মহলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যহত রাখার আহবান জানান ওসি আবু তাহের।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ছাগলনাইয়া ইউথ ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু প্রতিরোধে মিশক নিধন কর্মসূচিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম'র সভাপতিত্বে ও ছাগলনাইয়া ইউথ ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, ছাগলনাইয়া ইউথ ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা নুর হোসেন মজুমদার, প্রতিষ্ঠাতা সভাপতি নুর হোসেন মজুমদার, সভাপতি মো. শাহজাহান আশিক। এসময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি সহিদ উল্লাহ, ব্যবসায়ী আতিক চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠক মাসুদা আক্তার জোনাকী সহ ছাগলনাইয়া ইউথ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে চার শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।