ফেনী সদর উপজেলার ইসলামপুর রোডে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও হালনাগাদ না রাখায় তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত ফেনী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও হালনাগাদ রাখা এবং কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮-এর আওতায় তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের মাঠ বাজার পরিদর্শক হারুনুর রশিদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।