ফেনীতে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার এক মাস পরও সন্ধান মেলেনি ১২ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমনের। এই ঘটনার দিন ২৮ সেপ্টেম্বর রাতে শহরতলীর ফতেহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ তবে পাওয়া যায়নি ব্যাটারিগুলো। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায় তারা।
ইমনের ভাই মোশারফ দাবি করেন, ঘটনার দিন তাদের চাচাতো ভাই মো. হানিফের (১২) সঙ্গে গাড়ি নিয়ে বের হয়েছিল ইমন। ওইদিন সন্ধ্যায় হানিফের প্রাইভেট থাকায় তাকে বিরিঞ্চি ফকির বাড়ির সামনের এলাকায় রিকশা থেকে নামিয়ে দেয় ইমন। তখন সে (ইমন) হানিফকে তার রিকশার ব্যাটারিতে তেমন চার্জ নেই বলে জানিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি ফেরার কথা জানায়।
ফেনী মডেল থানা সূত্র জানায়, ইমনের নিখোঁজ হওয়ার পেছনে কোনো অপহরণ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, কিংবা তাকে অন্য কোনো জেলায় নিয়ে যাওয়া হয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন জেলার সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয় ও ফেনী পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ইমনের উপস্থিতি শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে সেখান থেকেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ঘটনার স্থানসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ইমন ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার পুশি ফকির বাড়ির বাসিন্দা শহিদুল ইসলাম সুজনের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে ইমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের সময় তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ২৯ সেপ্টেম্বর সকালে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
ফেনী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার আশপাশের এলাকার প্রায় ৩০ থেকে ৩৫টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। তবে এসব ফুটেজ পর্যালোচনা করে ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ইমনের সন্ধান চেয়ে গত ১৩ অক্টোবর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। ছেলের সন্ধানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে পরিবারের। তবে পুলিশ বলছে, ইমনকে উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের অনুসন্ধানেও মেলেনি খোঁজ
পুলিশের দাবি, ইমন নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েছে। ঘটনার আশপাশের এলাকার প্রায় ৩০ থেকে ৩৫টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। তবে এসব ফুটেজ পর্যালোচনা করে ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইমনের নিখোঁজ হওয়ার কারণ উদ্ঘাটনে তার আশপাশের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাদের কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় ইমনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
অন্যদিকে অটোরিকশা থেকে চুরি হওয়া ব্যাটারিগুলোর সন্ধানেও অনুসন্ধান চালিয়েছে পুলিশ। ব্যাটারিগুলো কোনো ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছে কি না জানতে ফেনীর বিভিন্ন ভাঙারি ও ব্যাটারি কেনাবেচার দোকানে খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ব্যাটারিগুলোর অবস্থান কিংবা ইমনের নিখোঁজের ব্যাপারে কোন সূত্র মেলেনি।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম দৈনিক ফেনীকে বলেন, ইমন নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তবে তদন্তে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া ইমন কী কারণে নিখোঁজ হয়েছে, সেই বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার নিখোঁজ হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা জানতে পুলিশ কাজ করছে।
‘জীবিত অথবা মৃত’-ইমনকে ফিরে পেতে মায়ের আকুতি
এক মাস ধরে ছেলের অপেক্ষায় দিন কাটছে মা মোমেনা বেগমের। প্রতিটি দিন যেন তার কাছে দীর্ঘ হচ্ছে, কিন্তু মিলছে না সন্তানের কোনো খোঁজ। ছেলে কোথায়, কেমন আছে, কিছুই জানেন না তিনি। বুকভরা উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে এখন শুধু একটাই চাওয়া, সন্তানকে ফিরে পাওয়া। কান্নাজড়িত কণ্ঠে মোমেনা বেগম বলেন, আমি আমার ছোট ছেলেকে ছাড়া বাঁচব না। জীবিত অথবা মৃত, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেন। পুলিশ প্রশাসনের কাছে গিয়েছি। তারা আমার ছেলেকে জীবিত আনতে পারেনি, মৃতও আনতে পারেনি। আপনারা আমার ছেলেটাকে খুঁজে বের করে দেন। আমার নিরীহ ছেলেটি কোথায় আছে, কার কাছে রয়েছে, আমি জানতে চাই।
ইমনের বাবা শহিদুল ইসলাম জানান, আমার সন্তান নিখোঁজ হওয়ার পর তাৎক্ষণিক ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও পুলিশ বা প্রশাসন আমার সন্তানের কোনো হদিস দিতে পারেনি। আপনারা আমার সন্তানকে খুঁজে দিন।
ইমনের ভাই মোশাররফ হোসেন বলেন, আমার ভাইটা খুব শান্ত স্বভাবের ছিল। কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না, খারাপ কোনো আড্ডাতেও সে যেত না। এতটুকু একটা ছেলে কারও কী ক্ষতি করেছে যে তার সঙ্গে এমন ঘটনা ঘটবে? আমরা কিছুতেই বুঝতে পারছি না, কেন আমার ভাইয়ের সঙ্গে এমন হলো। এক মাস ধরে তাকে খুঁজে পাচ্ছি না। সে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না।