ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ন্যায়বিচারের প্রশ্নে আমরা আপসহীন। প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা এবং রাষ্ট্রের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যে কারণেই হোক, কোনো ব্যক্তি জুলুমের শিকার হলে সেটি জুলুমই। তা কখনো ইনসাফ হতে পারে না। গতকাল রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান ও সাংস্কৃতিক আড্ডায় তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল জাবের বলেন, শ্রমিকরা তাদের উপার্জন দিয়ে বাড়িভাড়া পরিশোধ করে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতে পারছেন না। তারা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছেন যেন পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। কিন্তু তাদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব না দিয়ে পুলিশ নির্বিচারে লাঠিপেটা করছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেও আওয়ামী লীগ, ছাত্রলীগের কার্যক্রম কীভাবে চলছে? রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের ঘটনা ঘটলেও সেসবের বিচার হচ্ছে না। অথচ শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে কঠোরতা দেখানো হচ্ছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত এখনো এর প্রত্যেকটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে। দিল্লির আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করা না গেলে রক্তের বিনিময়েও বাংলাদেশের কাক্সিক্ষত পরিবর্তন আসবে না। শহিদ ওসমান হাদিও আমাদের সেটি শিখিয়ে গেছেন। আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে চাই। কিন্তু সেই দাবির জবাবে নির্যাতন চালানো হলে প্রতিবাদ অব্যাহত থাকবে।
এর আগে শহরের মহিপাল থেকে পদযাত্রা শুরু করে শহিদ মিনারে আসেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এ সময় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।