ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে এক দিনের ব্যবধানে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে দাবি করছে পুলিশ। পৃথক দুই মরদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের মধ্যম জয় নারায়নপুর এলাকার পদুয়া উত্তর বাড়ি থেকে রেশমা বেগম (৩৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রেশমা বেগম ওই বাড়ির মো. হুমায়ুনের স্ত্রী।
প্রতিবেশী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে প্রতিদিনের মত খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যায় রেশমা। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে স্বামী হুমায়ুন ও সন্তানরা ঘুম থেকে উঠে দেখতে পান রান্না ঘরের ভুতুড়ের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রেশমা বেগমের মরদেহ ঝুলছে। পারিবারিক কলহের কারণে স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের পিতা, বোন এবং স্বজনরা জানান, রেশমার স্বামী তাকে খুব নির্যাতন করত। এনজিও থেকে কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করলে তার স্বামী তাকে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতেন। মেয়ের দিকে তাকিয়ে নিরুপায় হয় তার বাবা টাকা জোগাড় করে দিতেন। নিহতের ছোট ছেলে জিসান জানায়, ওইদিন তার মাকে তার বাবা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং থাপ্পড় মারে। নিহতের বড় ছেলে বছরখানেক আগে বিদ্যুতায়িত হয়ে মারা যান। একমাত্র মেয়ে মুনিয়া (১৪) ও ছোট ছেলে জিসান (১২) রয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
অন্যদিকে সোনাগাজীতে ফাতেমা আক্তার লুবনা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের মোজাম্মেলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লুবনা ওই এলাকার খোরশেদ আলমের মেয়ে এবং একই বাড়ির মো. এমরানের স্ত্রী।
পুলিশ জানায়, রাত ১১টা ৩০ মিনিটে খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই মো. মোবারক আলী ঘটনাস্থলে যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা খোরশেদ আলম বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।