‘অণুর ভেতর অন্তহীন আকাশ অথবা মুহূর্তকাল।’ উত্তকাল এর এবারের সম্পাদকীয় শুরু হয়েছে এভাবেই। সম্পাদকীয়র সূত্রে আমরা অণুগল্পবিষয়ক জবরদস্ত একটা ধারণা পাই, এমনকি তাতে সংখ্যাটি করার একটা যৌক্তিক অথচ ছোট্ট টীকাও তাতে দৃশ্যমান হয়ে ওঠে। উত্তরকাল দৈনিক ফেনীর মাসিক প্রকাশনা। দৈনিক ফেনী মানেই অকল্পনীয় কিছু, অসাধারণ কিছু। সম্পাদক মহোদয় দারুণ স্মার্ট মানুষ, তার চিন্তা ও যাপনের প্রতিফলন থাকে দৈনিক ফেনী’র যাবতীয় প্রকাশনায়। তিনি পেয়েছেন ততোধিক যোগ্য এক কর্মী। তিনি কর্মীই বটে, নিখাঁদ সাহিত্যকর্মী। তার আন্তরিকতায়, তার অপরিসীম শ্রমে ফেনী থেকে প্রকাশিত একেকটা কাজ হয়ে ওঠে সারা বাংলাভাষাভাষীর। খুব সুবিধাযুক্ত এলাকা থেকে নয় বরং ক্ষুদ্র একটা জেলা থেকে এমন সব প্রকাশনা আর চিন্তা আমাদের মুগ্ধ করে। মুগ্ধতায় এবারের সংযোজন উত্তরকালের অণুগল্প সংখ্যা। এক্ষণে ধন্যবাদ দিতে হয় এতসব কাজের কাজী সংখ্যাসম্পাদক প্রিয় মাসুদ ভাইকে।
তো, উত্তরকাল হাতে নিলে যে কারো মনে হবে এ-বুঝি রাজধানী থেকে কোনো মালদার গ্রুপের পৃষ্টপোষকতায় পুষ্ট হওয়া প্রকাশনা। আদতে আমরা জানি, ছোট্ট জেলা শহর থেকে প্রকাশনা করা কত কঠিন এবং সাহিত্যের হলে তা কত বিপুল প্রতিবন্ধকতা নিয়ে হাজির হয়। শুধু অর্থ থাকলেই সাহিত্যের ভালো প্রকাশনা করা যায় না, লাগে রুচি ও স্মার্টনেস এবং সাহিত্যের জ্ঞান। এদিক দিয়ে দৈনিক ফেনীর সৌভাগ্য যে, তারা আলমগীর মাসুদের মতো একজন উদ্যমী সৃজনকার পেয়েছেন। তিনি নিজে লিখেন, জাতসম্পাদক এবং বাংলা ভাষাভাষী লেখকদের সাথে আছে তার আত্মীক যোগাযোগ। ফলে তার ভালো লেখার অভাব হয় না বরং তিনি গত দশ বছর আগেই যে কাজ করেছেন, তা এখনো অনেকেই করার সাহস রাখেন না। সাহিত্য আসলে নিবেদন চায়; সবকিছু চুষে নিয়েই সে ফল দেয়।
সময় বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জনজীবনে। সাহিত্য যেহেতু মানুষের সাথে সরাসরি সম্পর্কিত তাই সময়ের প্রয়োজনটাও বড় হয়ে আসে বেখেয়ালে। অণুগল্প চর্চিত মাধ্যম হিসেবে নতুন নয় কিন্তু 'নতুন সময়ে' যেন এর উপযোগিতা বেড়েছে। ফলে বইমেলায় অণুগল্পের আলাদা সংকলন কি লিটলম্যাগের সংখ্যা দেখা যায়। কিন্তু অন্যরা যেটা অনেক ভাবাভাবির পর করে উত্তরকাল সেটা করলো তার চার নাম্বার সংখ্যাতেই! এবং সংখ্যাটা হাতে নিলেই ভালো একটা অনুভব জড়ায়ে ধরে পাঠককে। কী মনোলোভা প্রচ্ছদ (প্রচ্ছদকার অতিথি নারায়ণ) দিয়ে শুরু এর! যেনবা অণুগল্পের মতোই, অত জটিলতা নেই কিন্তু মনের পুরোটা ধরা আছে। চমৎকার একটা সম্পাদকীয় পেরিয়ে শুরু হয় অণুগল্পের রাজ্যে পরিভ্রমণ। একে একে খুলে যায় অণুগল্পের বিস্ময় আর বিন্দুতে ধরা সিন্ধুর রূপসুধা। পড়তে থাকি বিমান ধর, নাঈমুল মাসুম, আরিফ রিজভী, ইলিয়াস বাবর, এফ কে সয়ফল, সাহিদ রেজা, সাইফুদ্দিন শাহীন, রাশেদ মাযহার, নাসিম আনোয়ার জাকি, আলমগীর মাসুদ, শাহরিয়ার কাসেম, এমরান হোসেন, সোহেল নওরোজ, প্রশান্ত ভৌমিক, সফিউল হক, অতিথি নারায়ণ, মনিরুজ্জামান মনির, মামুন সরকার, তানভীর আহমেদ হৃদয়, গোবিন্দ মোদক ও মো. আরিফ এর অণুগল্প। বিষয় থেকে বিষয়ান্তরে ছড়িয়ে আছে নানা স্বাদের গল্প। যাপিত জীবন, অতীত, সমকাল, প্রেম, বিষাদ, বাস্তব, পরাবাস্তব এবং মানুষীয় নানা বয়ানে ভরপুর গ্রন্থভুক্ত এক কুড়ি একটা গল্প। সবগুলো গল্প পাঠককে সমান আনন্দ দেবে এমন কথা নেই কিন্তু সবগুলো গল্পই সমান আদর পেয়েছে সম্পাদকের। একেকটা গল্পের সাথে যে অলংকরণ যুক্ত করা হয়েছে তাতে গল্পের বৈভব যেমন বেড়েছে তেমনি দিয়েছে বহু অর্থবোধক দ্যোতনা। গল্প শুধু পড়ে হৃদয়ঙ্গম করার জিনিস এমন ধারণা বদলে দেবে উত্তরকাল অণুগল্পসংখ্যা। হৃদয়ঙ্গমে চোখের শান্তির সাথে ভাবনার জগতে ভিন্নতর একটা দোলা দেবে গল্পগুলোর সাথে জুড়ে থাকা অলংকরণ। অণুগল্প নিয়ে আরো কিছু সংখ্যা হয়েছে আগে তা বর্তমানের অণুগল্প চর্চাকে সমৃদ্ধ করছে, নতুন অনেকেই অণুগল্পচর্চা করছে সিরিয়াসলি। বলা চলে সময়ই অণুগল্পকে উৎকর্ষ দিচ্ছে তার প্রয়োজনে। উত্তরকাল যেটা খুব আন্তরিকভাবে যুক্ত করতে পেরেছে তা এই, খুব বিখ্যাত নয় বরং প্রতিশ্রুতিশীল তরুণদের থেকে বিচিত্র সব বিষয়ে লেখা আদায় করে নেয়া এবং তা মগজের ল্যাবটরিতে নিয়ে সাজিয়েছে অপরূপ সুষমায়। স্পেসের কত চমৎকার ব্যবহার করা যায় এবং বিটুইন টু লাইনে যে বিপুল কথা বলা যায় তার প্রকৃষ্ট উদাহরণ সম্পাদক সৃষ্টি করেছেন এই সংখ্যায়।
কিছু গল্প পাঠককে জিজ্ঞাসায় তাড়িত করবে, কিছু গল্প আন্দোলিত। ধর্মপ্রসঙ্গ কি প্রেম, সমসাময়িক বাস্তবতা কি অতীতাশ্রয়ী মিথ, প্রচলভাঙার গান কি বহুল চর্চিত বিষয়—যেনবা কোনোটাই বাদ যায়নি সংখ্যাভুক্ত গল্পগুলোর চৌহদ্দি থেকে। কোনো কোনো গল্পে আছে সূক্ষ্ম ইঙ্গিত, তর্কের সূচনারেখা; কোথাওবা হালকাচালের খোশগল্প। উত্তরকাল চেয়েছে সমকালের অণুগল্পচর্চার একটা খতিয়ান তুলে ধরতে, বোধকরি এই সংখ্যা তা কিছুটা হলেও দিতে পেরেছে। অণুগল্পে জীবনকে দেখার ও ধরার যে সুযোগ দেয় চিহ্ন দিয়ে, স্বর দিয়ে কিংবা ইঙ্গিত দিয়ে তা বরং বিশাল আয়তনের সাহিত্যকর্ম থেকে কোনো অংশেই কম বলা যাবে না। সময়হীন সময়ে অণুগল্পপাঠ ও চর্চার যে জরুরত তা উত্তরকাল অণুগল্প সংখ্যা আমাদের দেখিয়ে দেয়।
লেখক: গল্পকার ও আলোচক