জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং মৎস্যপোনা অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের রাজাঝির দিঘিতে মৎস্যপোনা অবমুক্ত করেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন।
এর আগে সকালে শহরের মুক্তবাজারে জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন বয়সী মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি দুই শতাধিক রোগীর রক্ত, রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, যুবদল আন্দোলন-সংগ্রামের পাশাপাশি মানবিক কাজেও সব সময় সাধারণ মানুষের পাশে ছিল। সব ধরনের মানবিক কাজে যুবদল অতীতে সম্পৃক্ত ছিল, ভবিষ্যতেও থাকবে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান তারা। মানবিক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তারা প্রতিদিন একটি ভালো কাজ করার চর্চা করেন। সেই ভালো কাজের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।