২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামীর নেতারা। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ‘পল্টন ট্র্যাজিডি দিবস’ উপলক্ষ্যে ফেনী শহর জামায়াতের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেন। নিহত ব্যক্তিদের লাশের ওপর দাঁড়িয়ে নৃত্যের দৃশ্য শুধু দেশবাসীকে নয়, বিশ্ববাসীকেও বিস্মিত করেছিল। জাতি সেদিন একটি নৃশংস ও বর্বর ঘটনার সাক্ষী হয়েছিল। তিনি বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক ও কালো অধ্যায়। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার সঙ্গে জড়িত খুনি ও নির্দেশদাতাদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। সভা পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির একেএম সামছুদ্দিন।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি মো. শফিকুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান ও মাওলানা আরফান উদ্দিনসহ জেলা ও শহর জামায়াত এবং অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২৮ অক্টোবরের ঘটনার বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।