স্থানীয় নির্বাচনে যুবদলকে পাশ কাটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যুবদলকে পাশ কাটিয়ে দুর্বল চিত্তের কিছু মানুষকে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নাসির খন্দকার বলেন, আমাদের মুরুব্বি সংগঠন ও মুরুব্বিরা স্থানীয় নির্বাচনে প্রতিনিধি নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা এ চেষ্টার বিরুদ্ধে নই। তবে রাজপথের সাহসী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলকে এড়িয়ে, বিশেষ করে যুবদলকে পাশ কাটিয়ে দুর্বল চিত্তের কিছু মানুষকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচনে প্রার্থী হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানাই।
তিনি আরও বলেন, ফেনী সদরের ১২টি ইউনিয়নে শক্তিশালী প্রার্থী বিবেচনা করতে হলে অন্তত ৮ থেকে ৯টি ইউনিয়নে যুবদলকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা সবাই চেষ্টা অব্যাহত রাখব। কোনো ইউনিয়নে নির্বাচনী প্রার্থী পরাজিত হলে দায়ভার বিএনপিকে নিতে হবে, যুবদল নেবে না। আমরা ঐক্য চাই, বিভেদ নয়। মাঠে যারা সক্রিয় ছিলেন তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হোক।
বক্তব্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ফেনীর তিন সংসদ সদস্য ও জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করে নাসির খন্দকার বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচনে যুবদলকে বিবেচনায় নিলে তৃণমূল থেকে সব প্রার্থী বিজয়ী হবেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত বলেন, যুবদল অতীত থেকেই সব আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে। গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা অপরিসীম। যুবদলের নেতারা সর্বোচ্চ শ্রম দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে কাজ করেছেন।
তিনি বলেন, আগামী দিনের দেশ গঠনে সাম্য ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল কাজ করে যাবে। তারেক রহমান যেসব পরিকল্পনা হাতে নিয়েছেন, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। এ সময় তিনি সব ধরনের রাগ-অভিমান ভুলে তারেক রহমানের বক্তব্য ও পরিকল্পনা উপলব্ধি করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শুরুর আগে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার (২৮ অক্টোবর) মেডিকেল ক্যাম্প ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করবে যুবদল।