দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যার ঘটনায় মেয়ে রিনা আক্তার রানুর (৩৭) বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) নিহত সেতারা বেগমের ছেলে মো. ফিরোজ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহত সেতারা বেগমের প্রবাসী দুই ছেলে দেশে ফিরলে তার লাশ দাফন করা হবে।
এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছে। গ্রেপ্তার রিনা আক্তার রানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত যেহেতু মানসিক সমস্যায় আক্রান্ত, সেজন্য তার ১৬৪ ধারায় জবানবন্দীর বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে মানসিক সমস্যাগ্রস্ত মেয়ে রানুর বটির আঘাতে নিহত হন বৃদ্ধা মা সেতারা বেগম। তিনি ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। সম্প্রতি তিনি তার স্বামীকেও মারধর করেন। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তার মানসিকসহ অন্যান্য চিকিৎসা চলছিল। রোববার সন্ধ্যায় হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ধারালো বটি দিয়ে তার মাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। পরে রানু বটি হাতে নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌঁড়াতে থাকেন এবং ভেতর থেকে দরজা আটকে রাখেন। পরে খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রানুকে আটক করা হয়।