ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার কথা রয়েছে। নতুন এ যাত্রাবিরতি চালুর দিনে ট্রেনে করে ফেনী আসছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টায় তাঁর ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
গতকাল রবিবার প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুমন দাস স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, সোমবার রাত ৮টায় বাসা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ৮টায় স্টেশনে পৌঁছে মহানগর এক্সপ্রেস ট্রেনে ফেনীর উদ্দেশে রওনা হবেন তিনি।
মঙ্গলবার রাত ১টায় ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছে উপস্থিত যাত্রীসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এ সময় ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক উপস্থিত থাকবেন।
পরে রাত আড়াইটায় ফেনী সার্কিট হাউস অথবা ফুলগাজী ডাকবাংলোয় গিয়ে রাত্রিযাপন করবেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সকাল ১১টায় ঢাকায় নিজ বাসভবনে উপস্থিত থাকার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
এদিকে মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি ঘিরে যাত্রীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। শনিবার সকালে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ২৬ ও ২৭ অক্টোবরের ফেনী স্টেশন থেকে যাত্রার টিকিট আর পাওয়া যাচ্ছিল না।
নতুন এ যাত্রাবিরতির ফলে ঢাকা ও কক্সবাজারের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ফেনীর যাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।