ছাগলনাইয়ায় দিঘির মাছের ভাগ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কফিল উদ্দিন (৫০) মারা গেছেন। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় করা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কফিল উদ্দিন ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের শাহ কামাল উদ্দিনের ছেলে। গত ১৭ অক্টোবর সকালে উপজেলার পাঠাননগর ইউনিয়নের ছেরু মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় দেওয়ান বাড়ির দিঘির মাছের ভাগ নিয়ে কফিল উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমান ছোটনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কফিলের পরিবারের অভিযোগ, ছোটনের পরিবারের সদস্যরা জোর করে দিঘিতে বেড়া দিয়ে মাছ ধরে নিয়ে যেতেন। গত ১৭ অক্টোবর সকালে কফিল উদ্দিন ও তার ভাইরা দিঘিতে বেড়া দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিলে ছোটন ও তার দুই ভাই গোলাম মাহমুদ আজিম এবং গোলাম রহমান লিটন বাধা দেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
নিহতের বড় মেয়ে আফছানা আক্তার জানান, দেওয়ান বাড়ি পুকুরে মাছ ধরার বিষয়টি সবাইকে আগে থেকে অবগত করা হয়েছিলো। এই পুকুরে আমার বাবার ৭০ শতাংশ অংশ রয়েছে। কিন্তু মাছ ধরার সময় অপর পক্ষের লোকজন জেলেদের উপর হামলা চালিয়ে জাল ছিঁড়ে ফেলে এবং তাড়িয়ে দেয়। পরে সমঝোতার জন্য ডাকা হলেও প্রতিপক্ষ আসেনি। এর কিছুক্ষণ পর আমার জেঠা বোরহান স্থানীয় ছেরু মিয়ার বাজারের একটি দোকানে গেলে তাকে ধরে নিয়ে মারধর করা হয়। ভাইকে বাঁচাতে গেলে আমার বাবা কফিল উদ্দিনের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিন সহোদর কাঠের বাটাম দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং মাটিতে পড়ে যাওয়ার পরও পায়ে আঘাত করে গুরুতর জখম করে।
নিহতের চাচাতো ভাই আজিজুল কবির চৌধুরী মোস্তাকের অভিযোগ, ঘটনার দিন আমার সামনে প্রথমে ছোটন গাছের গুঁড়ি দিয়ে কফিলের মাথায় আঘাত করে। পরে আজিম বাম পায়ে আঘাত করে এবং সবশেষে তাদের ভাই লিটন চোখে আঘাত করে।
মামলার তদন্ত কর্মকর্তা ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, আদালতের নির্দেশে এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা রেকর্ড করা হয়েছিল। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ব্যক্তির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। মামলার অন্য দুই আসামি গোলাম মাহমুদ আজিম এবং লিটনসহ দুইজন পলাতক রয়েছে।