ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দৈনিক ফেনীকে এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন-সোনাগাজীর আলমপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. হেলাল তুহিন (১৯), চর মজলিশপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো. এনায়েত হোসেন শাহরিয়ার (২০), একই গ্রামের ইলিয়াসের ছেলে মো. হাসান (১৯), দাগনভূঞার রঘুনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইব্রাহিম (২১), বগাদানার আলমপুরের কামাল উদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেন (১৯), উত্তর চর মজলিশপুর গ্রামের মো. মিজানের ছেলে ইমাম হোসেন (১৭), একই গ্রামের বেলাল আহাম্মদের ছেলে মো. ইমাম হোসেন (১৯), মঙ্গলকান্দির বেলাল হোসেনের ছেলে মো. এমরান হোসেন (১৭), রঘুনাথপুরের আ. সালামের ছেলে রাকিবুল ইসলাম (২০), একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (১৭), চর মজলিশপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. জিহাদ (১৭), সেনেরখিল গ্রামের মো. ইমামের ছেলে তারেক হোসেন (২২) ও মতিগঞ্জ সাতবাড়িয়া গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে শাহাদাত হোসেন (১৯)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের পৃষ্ঠপোষকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম সচল করার চেষ্টা করছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে শহরতলীর কালিপাল দশমীঘাট এলাকায় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের, মো. হাসান ইশান, কাজী রশিদ আহম্মেদ রাব্বি, জহিরুল ইসলাম রিফাতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। পরে খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করা হয়।
এদিকে গ্রেপ্তারদের স্বজনদের দাবি, বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে ফেনী পৌরসভার সহদেবপুর এলাকায় একটি বাসায় অবস্থানকালে তাদের আটক করে পুলিশ। পরবর্তী তাদের সকালের মিছিলের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুইজন প্রত্যক্ষদর্শীর দাবি, বুধবার দিবাগত রাত ২টার দিকে আকস্মিক অভিযান চালিয়ে পুলিশ একটি বাসা থেকে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তারা ওই বাসায় একত্রিত হয়েছিল বা কেন আটক করা হয়েছে এ বিষয়ে তিনি অবগত নন।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় ফেনী মডেল থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। মামলায় আটক ১৩ জনের নাম উল্লেখ ও আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকের সময় ও ঘটনাস্থল নিয়ে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আটকরা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত। মিছিলের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ নিয়ে তারা স্বীকারোক্তিও দিয়েছেন। আগের দিন রাতে আটকের পর মিছিলের ঘটনায় গ্রেপ্তার দেখানোর তথ্যটি সঠিক নয়।