ফেনীর সোনাগাজীতে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এবং ১১ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. দুলাল প্রকাশ ওরফে ইব্রাহীম দুলালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার দুলাল সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল ফেনীর সোনাগাজী থানার ডাকবাংলা এলাকায় অভিযান চালায়। এ সময় সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দুলালকে গ্রেপ্তার করা হয়। পরে সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মাদকসংক্রান্ত ১১টি মামলার তথ্য পাওয়া যায়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।