ফুলগাজীতে নাসিমা বেগমের (৫৪) নামে সাবেক এক নারী ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করছেন ভুক্তভোগী নাসিমা বেগম। তার দাবি, এর আগে একই ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা করার জেরে তাকে পুনরায় হামলার শিকার হতে হয়েছে।
নাসিমা বেগম ২০১৬ সালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ছিলেন।
ভুক্তভোগী নাসিমা বেগমের অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্ত দিয়ে চোরাচালানের পণ্য আনা-নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মো. সুজন, মো. রুমান, রাজিয়া সুলতানা কালিসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। নাসিমা বেগমের দাবি, অভিযুক্তরা তাদের বাড়ির ওপর দিয়ে এসব পণ্য আনা-নেওয়া করতেন। এতে নিষেধ করায় তাকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে রুমানকে ডেকে প্রতিবাদ জানালে তার ওপর হামলা চালানো হয়। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। পরে তিনি কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নেন।
নাসিম বেগম জানান, ঘটনার পর ফুলগাজী থানায় অভিযোগ নিয়ে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দিলে সেটি ফুলগাজী থানায় পাঠানো হয়। সেখান থেকেও তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে আদালতে মামলা করলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত । তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন আদালতে জমা দেয়। এ মামলায় মো. রুমান, রাজিয়া সুলতানা কালির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তারা জামিন পান। এছাড়া প্রধান আসামি মো. সুজন গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
নাসিমা বেগমের অভিযোগ, কারাগার থেকে মুক্তির পর গত ১৪ অক্টোবর আমজাদহাট বাজারে ওষুধ কিনতে গেলে মো. সুজন মোটরসাইকেলে এসে তার মুখে আঘাত করেন। এতে তার মুখ ও নাক দিয়ে রক্ত বের হয়। এ সময় তিনি সুজনকে আটকানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে সরিয়ে নেন। পরে তিনি মোটরসাইকেলের চাবি নিজের কাছে রেখে থানায় ফোন করেন। তিনি বলেন, থানার পক্ষ থেকে তাকে মোটরসাইকেলটি বাজার কমিটির কাছে জমা দিয়ে থানায় আসতে এবং হাসপাতালে গিয়ে চিকিৎসা সনদ সংগ্রহ করতে বলা হয়। পরে আমজাদহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ আলী লিয়াকত, ইউনিয়ন যুবদলের আহবায়ক দিদার চৌধুরী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাসহ একাধিক লোকজন তাকে ধরে থানায় নিয়ে যান।
নাসিম বেগমের অভিযোগ, সেদিন থানায় যাওয়ার পর কয়েকজন তার রাজনৈতিক পরিচয় নিয়ে পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেনÑএমন অভিযোগ তুলে তাকে মামলায় জড়ানোর কথাও বলা হয়। তবে তার দাবি, তিনি কখনো আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়ার অনুরোধ জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার ওপর ক্ষুব্ধ হন। পরে তার স্বাক্ষর নেওয়া হয় এবং রাত প্রায় ২টার দিকে তার মেয়েদের ডেকে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
নাসিম বেগম বলেন, আমি হামলার শিকার হয়েছি। অথচ হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আমাকে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আমি ন্যায়বিচার চাই।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মো. সুজন বলেন, আমার বিরুদ্ধে করা এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি তার ওপর কোনো হামলা করিনি। নাসিমা বেগমের করা একটি মিথ্যা মামলায় গত ৯ আগস্ট আমাকে কারাগারে যেতে হয়েছিল। পরে ২৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পাই।
সুজন আরও বলেন, নাসিমা বিভিন্ন সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন এবং মামলা-বাণিজ্য করেন।
‘আ. লীগ নয়’, যুক্ত ছিলেন নারী সংগঠনে
দৈনিক ফেনীর অনুসন্ধানে জানা গেছে, নাসিমা বেগম ২০০৩ সালে ‘কর্মজীবী নারী’ নামে একটি সংগঠনের সভাপতি ছিলেন। সংগঠনটি তৎকালীন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আক্তারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
এ প্রসঙ্গে নাসিমা বেগম জানান, ‘কর্মজীবী নারী’ সংগঠনের মাধ্যমে তারা নারী শ্রমিকদের নিয়ে কাজ করতেন। পরে শিরীন আক্তার সংসদ সদস্য হওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেন। এর ধারাবাহিকতায় ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, ওই সময়ের আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, নাসিমা বেগম আওয়ামী লীগ কিংবা দলটির কোনো সহযোগী সংগঠনের দায়িত্বশীল পদে ছিলেন না।
যা বললেন ওসি
গত ১৪ অক্টোবর ফুলগাজীর আমজাদহাট বাজারে সাবেক ইউপি সদস্য নাসিমা বেগমের ওপর হামলা ও নানা অভিযোগের বিষয়ে জানতে কথা হয় ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়ার সঙ্গে। দৈনিক ফেনীকে তিনি বলেন, দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। পরে তাদের মধ্যে আপস হয়।
পরবর্তী রোববার (১৮ অক্টোবর) একই অভিযোগের বিষয়ে তিনি বলেন, নাসিমাকে এলাকার লোকজন ধরে থানায় নিয়ে এসেছিল। তার ব্যাপারে অনেক নেতিবাচক তথ্য রয়েছে। ঘটনার দিন তার মেয়েরা থানায় এসেছিলেন এবং দুইপক্ষের মধ্যে আপস হয়ে গেছে।
থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, সে (নাসিমা) কী মামলা করবে? সে নিজেই তো আসামি।
কোন মামলায় নাসিমা আসামি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা থাকলে কি আমরা ছেড়ে দিতাম? তবে নাসিমার বিরুদ্ধে অনেকে মামলা করতে থানায় আসছেন বলে জানান তিনি।
ওসি মোহাম্মদ শাহীন মিয়া আরও বলেন, মামলা করার জন্য এখনো সবাই ঘুরছে। বাস্তব কথা হলো, আমি মামলা নিচ্ছি না। তাদের বলেছি, তোমাদের পারিবারিক বিষয় পারিবারিকভাবে দেখো।
নাসিমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, আমি চেয়ারে বসেছি, কোনো অপকর্মের সঙ্গে জড়িত হব না। নিরীহ মানুষকে ফাঁসাব না। নাসিমাকে সাক্ষ্য-প্রমাণ নিয়ে আসতে বলা হয়েছে। এর বাইরে কিছু করা সম্ভব নয়।