পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার হলেও রাষ্ট্র আমাদের সবার। হিন্দু-মুসলমান সকলে আমরা এই দেশের নাগরিক। ধর্ম যে যার মতো পালন করবে, তবে সকলে আমরা বাংলাদেশি। এ পূজার উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন অটুট হবে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের কালিবাড়ি মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার। ধর্মীয় উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। সবাই একসঙ্গে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ফেনীতে প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে, যেন কোথাও কোনো অঘটন না ঘটে। সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন নজর রাখছে। সবকিছু সুন্দরভাবেই শেষ হবে।
এসময় তিনি কালিবাড়ি মন্দিরের উন্নয়ন কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাইদুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।