ফেনীতে চলতি বছরে ডেঙ্গু শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত জেলায় ১ হাজার ১৩৪ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়াও চলতি মাসের এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচগুণের বেশি বেড়েছে। ২০২৫ সালে জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ২০১ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গতকাল সোমবার (১৮ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জন ফেনী সদর উপজেলার, ২ জন দাগনভূঞা, ৭ জন সোনাগাজী, ৩ জন ছাগলনাইয়া ও ৩ জন পরশুরাম উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে জেলায় ডেঙ্গু রোগী ছিল ৪৯৭ জন। জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে ফেনী সদর উপজেলায়। চলতি বছর শনাক্তকৃত ১ হাজার ১৩৪ জনের মধ্যে ৮৬৪ জন সদর উপজেলার। এছাড়া দাগনভূঞায় ৭৯, সোনাগাজীতে ১০৬, ছাগলনাইয়ায় ৫৭, পরশুরামে ৩০ এবং ফুলগাজী উপজেলার ১৬ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৭৫৪ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৪ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ৪২ জন, দাগনভূঞাতে ৪ জন,ছাগলনাইয়াতে ৩ জন এবং পরশুরামে ১ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও জেলায় সর্বমোট ৩ হাজার ৮৮৫ টি ডেঙ্গু কিট মজুদ রয়েছে।
সিভিল সার্জন ড. মো. আরিফুজ্জামান জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে জেলায় ৩ হাজার ৮৮৫টি কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৩ হাজার ২২টি, পরশুরামে ৫৬টি, সোনাগাজীতে ২৩০টি, ফুলগাজীতে ৯৬টি, দাগনভূঞায় ১০০টি এবং ছাগলনাইয়ায় ৩৮১টি কিট রয়েছে।