কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার দৈনিক ফেনীকে বলেন, আমাদের সঙ্গে আলোচনা না করে ইউনিয়ন পর্যায়ে তারা একটি প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করেছিল। কেন্দ্র থেকে এ ধরনের তালিকা প্রকাশ না করার নির্দেশনা ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।