মা ইলিশ রক্ষায় ফেনী নদীতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ বেহুন্দি ও চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) সকালে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল জানান, অভিযানে নদী থেকে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ বেহুন্দি ও চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার বলেন, নিষেধাজ্ঞার সময়ে নিয়মিত টহল এবং অভিযান পরিচালিত হচ্ছে। জেলেদের সচেতন করতে সতর্কতা প্রচারণা চলছে এবং জেলেদের খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে ।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ফেনী নদী ও নদীর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপরও নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে নদী ও মোহনায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।