মাদক প্রতিরোধে সদরের ১২ ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) সদর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
সভায় অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, মাদকের ভয়াবহ অবস্থা থেমে নেই। যতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে প্রতিরোধ না হবে ততদিন শুধুমাত্র পুলিশ দিয়ে এটা দমন সম্ভব নয়। মাদক কারবারিদের প্রতি আমাদের নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, আমরা যদি এখন থেকে এদের দমন না করি, তাহলে তা আর সহজে দমন করা সম্ভব হবে না। তাই মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ার সবাই মিলে গ্রাম পর্যায়ে সতর্ক ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও জানান, সদরের ১২ ইউনিয়নে মাদক বিরোধী কমিটি করা হয়েছে। মাদক নিয়ে আমরা সোচ্চার। পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন মাঠে থাকবে। কোন ধরনের অঘটন যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবে প্রশাসন।
সভায় অন্যান্যের বক্তব্য রাখেন ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সাজেদ কামাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল।
পুলিশ কর্মকর্তা সাজেদ কামাল জানান, পূজা উদযাপনে অপতৎপরতার ব্যাপারে সতর্ক পুলিশ। ইতোমধ্যে শহরে প্রবেশের তিন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া পূজা শুরু হওয়ার আগে থেকে শেষ পর্যন্ত প্রতিটি এলাকায় পুলিশ টহল দেবে।