ফেনী থেকে ট্রেনে চড়ে কক্সবাজারে সমুদ্র দেখতে যাওয়ার আশা ছিল মানুষের মনে। দীর্ঘদিনে এই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ছিলেন ফেনীর পর্যটকরা। ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেন ফেনী ছুঁয়ে গেলেও যাত্রাবিরতি না করায় আক্ষেপ ছিল তাদের। এবার তাদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। রেলওয়ে জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি এখন কক্সবাজার পর্যন্ত চলবে। তবে কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো এটি সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না, বরং যাত্রাপথে ফেনীসহ বিভিন্ন জেলার স্টেশনে থামবে।
আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত সেবা চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর মতো স্টেশনের যাত্রী, যারা এতদিন কক্সবাজারের সরাসরি ট্রেনগুলোতে উঠতে পারতেন না, তারা এখন ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।
এ প্রসঙ্গে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব গণমাধ্যমকে বলেন, যদি রেলের সক্ষমতা থাকতো, তাহলে কক্সবাজার রুটে ট্রেন দ্বিগুণ করতাম। ভবিষ্যতে লোকোমোটিভ ও ক্যারেজ এলে কক্সবাজার রুটে ট্রেন বাড়ানো আমাদের অগ্রাধিকারের মধ্যেই থাকবে।
রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় এসে থামবে। এই ট্রেনে যাত্রীরা শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা, এসি সিট এবং এসি বার্থেও ভ্রমণ করতে পারবে।
এ ব্যাপারে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার হারুন উর রশীদ জানান, মহানগর এক্সপ্রেসের নতুন রুট শিডিউলে ফেনীর পর্যটকদের কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হয়েছে। ২৬ অক্টোবর থেকে এ সেবা চালু হবে।
এ খবরে স্থানীয় পর্যটকদের মাঝে খুশির জোয়ার বইছে। পর্যটকরা বলছেন, এ সুযোগ করে দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে হয়। ট্রেনযোগে কক্সবাজার যাওয়ার আশা ছিল তাদের। ট্রেনে করে গেলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।