শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনিভার্সিটিতে সৃষ্ট সংকট নিরসনে বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন ড. এ কে এম সাহিদ রেজা। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত বিওটির জরুরি সভায় নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মাসুদুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুস সাত্তারকে বিশেষ পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আবদুর রইছ কাইজার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী (বায়েজিদ) ও মো. এনায়েত উল্লাহ তাঁদের পূর্বনির্ধারিত দায়িত্বে রয়েছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সংকট নিরসনে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে দুই প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আনা অভিযোগ তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠন। আইনানুগ প্রক্রিয়ায় অভিযোগগুলোর যথাযথ সমাধান নিশ্চিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া ইংরেজি বিভাগের প্রভাষক সুদীপ দাসসহ অন্য চার শিক্ষকের বিষয়ে আগে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে পরবর্তী বিওটি সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে উপাচার্য (ভিসি) পদে সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।