চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তৃণমূল থেকে জাতীয় দল পর্যন্ত খেলোয়াড় তৈরির পথ নিয়ে পর্যালোচনা করেছে। প্রস্তাবগুলোর মধ্যে ছিল কোচদের প্রণোদনা, জেলা ও বিভাগীয় কোচদের বেতনকাঠামো পর্যালোচনা, বয়সভিত্তিক বাছাইয়ে স্বচ্ছতা, খেলোয়াড়দের পূর্ণাঙ্গ ডেটাবেস এবং অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য একাডেমি কার্যক্রম। ঢাকার বাইরে লিগ আয়োজন সহজ করতে আটটি স্থানে ক্রিকেট হাব গড়ার কথাও এসেছে।
তবে এগুলো এখনো প্রস্তাব ও পরিকল্পনা। কোনটি কতটা বাস্তবায়িত হবে, তা স্পষ্ট নয়। এই প্রেক্ষাপটে ফেনীর সামনে জরুরি একটি প্রশ্ন: সংস্কারের খাতায় ফেনী কোথায়?
খুলনা, বরিশাল, কক্সবাজার, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, বিকেএসপি ও পূর্বাচল—প্রথম ধাপের এই আটটি হাবের তালিকায় ফেনী বা বৃহত্তর নোয়াখালী নেই। সব জেলায় একসঙ্গে হাব হবে না—এটাই স্বাভাবিক। তাই হতাশ হওয়ার কারণ নেই, তবে বসে থাকারও সুযোগ নেই। আপাতত ফেনীর ক্রিকেটের ভার থাকবে স্থানীয় মাঠ, ক্লাব ও একাডেমির ওপর। বিসিবির নজর চেয়ে পাওয়া যায় না, কাজ দিয়ে আদায় করতে হয়।
বিসিবির কাছে একটি জেলা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতায়: সেখানে নিয়মিত লিগ হয় কি না, বাছাই স্বচ্ছ কি না, খেলোয়াড়দের তথ্য রাখা হয় কি না, আর সেখান থেকে ধারাবাহিকভাবে খেলোয়াড় উঠে আসে কি না। প্রস্তাবিত সংস্কারগুলোও মূলত এই জায়গাগুলোতেই হাত দিতে চায়।
কোচদের প্রণোদনার প্রস্তাবটি তাই ফেনীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড়ের যাত্রায় অবদান রাখেন একদিকে তাঁরা, যাঁরা বছরের পর বছর তাকে গড়ে তোলেন; অন্যদিকে তাঁরা, যাঁরা শেষ ধাপে তাকে সুযোগ করে দেন। দুটো ভূমিকাই গুরুত্বপূর্ণ, তবে এক নয়—তাই কৃতিত্বও ভাগ হওয়া উচিত বাস্তব অবদান অনুযায়ী। খেলোয়াড়ের জেলা, ক্লাব, একাডেমি ও কোচের তথ্য ডেটাবেসে থাকলে এই হিসাব অনুমানে নয়, প্রমাণে মিলবে।
কার কী ভূমিকা
ফেনীর ক্রিকেটকে এগিয়ে নেওয়া কোনো এক পক্ষের কাজ নয়। জেলা ক্রীড়া সংস্থা, জেলা কোচ, ক্লাব, একাডেমি ও খেলোয়াড়—সবার দায়িত্ব আলাদা, কিন্তু লক্ষ্য এক।
জেলা ক্রীড়া সংস্থার ভূমিকা—নেতৃত্ব ও সমন্বয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও জেলা ক্রীড়া সংস্থা বছরের পর বছর লিগ, বাছাই ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ফেনীর ক্রিকেটের ভিত দাঁড়িয়ে আছে এই কাজের ওপর। সংস্কারের এই সময়ে ফেনীকে এগিয়ে নেওয়ার বড় সুযোগও তাদের সামনে।
লিগের সূচি আগেভাগে জানা থাকলে ক্লাবগুলো সারা বছরের পরিকল্পনা করতে পারবে। ট্রায়াল ও বাছাইয়ের মানদণ্ড সবার জানা থাকলে অভিভাবক ও খেলোয়াড়দের আস্থা বাড়বে। স্কোরকার্ড, খেলোয়াড়ের ক্লাব ও কোচের তথ্য এবং বয়সের নথি সংরক্ষণ করলে বিসিবির ডেটাবেস চালু হওয়ার দিনেই ফেনী প্রস্তুত থাকবে। মাঠ ও উইকেটের উন্নয়ন, আর বিভাগীয় পর্যায় ও বিসিবিতে ফেনীর পক্ষে কথা বলার ক্ষেত্রেও জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্ব জরুরি। এসব কাজে ক্লাব, একাডেমি ও সাবেক খেলোয়াড়েরা পাশে থাকলে দায়িত্ব ভাগ করে নেওয়া সহজ হবে।
জেলা কোচের ভূমিকা—প্রতিভা চেনা ও এগিয়ে নেওয়া। জেলা কোচ ক্লাব, একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে সেতুর মতো। সীমিত সময় ও সুযোগের মধ্যেও তাঁরা বয়সভিত্তিক দল গড়া, ট্রায়াল ও ক্যাম্প পরিচালনা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিভাগীয় পর্যায়ে এগিয়ে দেওয়ার পেশাগত দায়িত্ব পালন করেন। বিসিবি জেলা কোচদের বেতনকাঠামো ও পেশাগত অগ্রগতির পথ পর্যালোচনার কথা বলেছে। তা বাস্তবায়িত হলে তাঁদের শ্রমও আরও যথাযথ স্বীকৃতি পাবে।
জেলা কোচের কাছে ফেনীর প্রত্যাশাও স্পষ্ট:
শুধু ক্যাম্পের সময় নয়, সারা বছর ক্লাব ও একাডেমির মাঠে গিয়ে খেলোয়াড়দের দেখা; তৃণমূলের কোচদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও প্রশিক্ষণ ভাগাভাগি; সম্ভাবনাময় খেলোয়াড়দের অগ্রগতির রেকর্ড রাখা; আর কোনো খেলোয়াড় ওপরের ধাপে গেলে তার ক্লাব ও প্রথম কোচের নাম প্রতিবেদনে উল্লেখ করা। জেলা কোচ আর তৃণমূলের কোচ এক দলে খেললে জেতে ফেনী।
ক্লাবের ভূমিকা—সারা বছর খেলোয়াড় গড়া। লিগের আগে দল বানানো সহজ; সারা বছর খেলোয়াড় বানানোই আসল কাজ। দরকার নিয়মিত অনুশীলন, প্রকৃত বয়সসহ খেলোয়াড়ের তালিকা, আর্থিক স্বচ্ছতা এবং মেয়েদের জন্য নিরাপদ অনুশীলনের সুযোগ। সাবেক খেলোয়াড়দের কোচিং প্রশিক্ষণে পাঠানোও ভবিষ্যতে কাজে দেবে। ক্লাব খেলোয়াড়কে শুধু ক্রিকেট শেখাবে না; শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ভালো সঙ্গের পরিবেশও দেবে।
একাডেমির ভূমিকা—পরিকল্পিত প্রশিক্ষণ। সনদধারী কোচ, হালনাগাদ প্রশিক্ষণপদ্ধতি এবং খেলোয়াড়ের দক্ষতা ও অগ্রগতির লিখিত রেকর্ড থাকা দরকার। ভিডিও বিশ্লেষণ এখন সহজলভ্য; মেধাবী কিন্তু অসচ্ছল খেলোয়াড়দের জন্য বৃত্তিও রাখা যায়। একাডেমি শেখাবে, ক্লাব খেলাবে—দুইয়ের সম্পর্ক প্রতিযোগিতার নয়, সহযোগিতার।
খেলোয়াড়ের ভূমিকা—নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলা। খেলোয়াড়েরাই ফেনীর আসল পরিচয়। সঠিক বয়সে খেলা, পুরো মৌসুমে ধারাবাহিকতা, ফিটনেস, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ একজন খেলোয়াড়কে নির্বাচকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। পড়াশোনা চালিয়ে যাওয়াও জরুরি। বয়স লুকিয়ে হয়তো এক মৌসুম জেতা যায়, কিন্তু তাতে পুরো জেলার সুনাম ক্ষতিগ্রস্ত হয়। সফল হলে নিজের ক্লাব, কোচ ও পরিবারের অবদান স্বীকার করা, আর সুযোগ পেলে নতুনদের পাশে দাঁড়ানো—এটাও খেলোয়াড়ের দায়িত্ব।
সাবেক ও প্রবাসী ক্রিকেটারদেরও ভূমিকা রাখার সুযোগ আছে। তাঁদের অভিজ্ঞতা, সরঞ্জাম, পৃষ্ঠপোষকতা ও বাইরের ক্রিকেট-সংস্কৃতি সম্পর্কে জ্ঞান ফেনীর ক্রিকেটকে এগিয়ে নিতে পারে। যাঁরা একদিন ফেনীর হয়ে মাঠে নেমেছিলেন, আজ তাঁদের দ্বিতীয় ইনিংস—মাঠের বাইরে থেকে জেলার পাশে দাঁড়ানো।
একটি কাজ দিয়ে শুরু
সব পক্ষ মিলে বছরে একবার এক–দুই পাতার “ফেনী ক্রিকেট বার্ষিক প্রতিবেদন” তৈরি করে বিভাগীয় কমিটি ও বিসিবির কাছে পাঠাতে পারে। সেখানে থাকবে—কতটি ম্যাচ হয়েছে, কতজন ছেলে ও মেয়ে খেলোয়াড় নিবন্ধিত, কতজন সনদধারী কোচ কাজ করছেন এবং কোন ক্লাব বা একাডেমি থেকে খেলোয়াড়েরা বিভাগীয় বা জাতীয় বয়সভিত্তিক দলে গেছে।
আবেগে দাবি তোলা যায়, কিন্তু বিশ্বাসযোগ্যতা তৈরি হয় তথ্যে। এমন প্রতিবেদন ফেনীকে শুধু ক্রিকেটপ্রেমী জেলা নয়, খেলোয়াড় তৈরির নির্ভরযোগ্য উৎস হিসেবে তুলে ধরবে।
সংস্কারের খাতায় ফেনীর নাম কেউ নিজে থেকে লিখে দেবে না—ফেনীকেই লিখতে হবে। নিয়মিত লিগ, স্বচ্ছ বাছাই, সংরক্ষিত তথ্য আর মাঠের ধারাবাহিক পারফরম্যান্স—এই চারটিই হবে সেই লেখার কালি। জেলা ক্রীড়া সংস্থা, জেলা কোচ, ক্লাব, একাডেমি ও খেলোয়াড় যদি একে অন্যের প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযাত্রী হয়, তাহলে বিসিবির পরিকল্পনায় ফেনীও নিজের জায়গা করে নিতে পারবে, ইনশাআল্লাহ।
আল্লাহ ফেনীর ক্রিকেটকে কল্যাণের পথে এগিয়ে দিন। আমাদের তরুণদের প্রতিভা ও পরিশ্রমে বরকত দিন, আর তাঁদের পাশে থাকা পরিবার, কোচ ও সংগঠকদের একতাবদ্ধ হয়ে কাজ করার তাওফিক দিন। ফেনীর মাঠ থেকে যেন দক্ষ খেলোয়াড়ের পাশাপাশি সৎ, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ গড়ে ওঠে। আমিন।
লেখক
সাবেক ক্রিকেটার, ফেনী জেলা বয়সভিত্তিক ও জেলা দল (২০০০–২০০৯)
সহসভাপতি, ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব ফেনী