ফেনী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল। যোগদানের পর কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় দৈনিক ফেনীর কাছে ব্যক্ত করেছেন তিনি। গতকাল রোববার (১১ অক্টোবর) তিনি ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
অধ্যক্ষ বলেন, বড় কিংবা ছোট সব কলেজেই কাজের সুযোগকে আমি বেশি গুরুত্ব দেই। প্রতিটি কাজেই চ্যালেঞ্জ থাকে, সেগুলো অতিক্রম করেই এগিয়ে যেতে চাই।
দায়িত্ব গ্রহণের পর কলেজের উন্নয়ন পরিকল্পনা, কর্মজীবনের অভিজ্ঞতা ও নতুন কর্মস্থল নিয়ে দৈনিক ফেনীর সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা যেসব কাজে উপকৃত হবে, সেগুলোকে অগ্রাধিকার দিয়েই কাজ করতে চাই।
ফেনী সরকারি কলেজে যোগদান এবং নিজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, কর্মজীবনে আমি সব সময় কাজের ক্ষেত্র চেয়েছি। যেখানে সুযোগ পেয়েছি, কাজ করার চেষ্টা করেছি। পড়ালেখার পরিবেশ উন্নত করার চেষ্টা সব সময় আমার ছিল। আমি কাজের মানুষ, ক্লাসের মানুষ। আমি কাজ করতে চাই।
তিনি বলেন, ফেনী কলেজেও এর ব্যতিক্রম হবে না। শিক্ষার্থীদের কল্যাণেই আমি কাজ করব, সেটা একাডেমিক হোক কিংবা প্রশাসনিক। ছাত্রছাত্রীরা যে কাজে লাভবান হবে, সে কাজকে অগ্রাধিকার দিয়ে করাটাই আমার লক্ষ্য। সরকার আমাকে ফেনী কলেজে পদায়ন দিয়েছে। এ দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।
ফেনী সরকারি কলেজের মতো বড় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনে বিশেষ কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে নবাগত অধ্যক্ষ বলেন, আমি এর আগে কখনো ফেনী কলেজে কাজ করিনি। বড় কলেজ, ছোট কলেজ আমার জন্য সমান। আমি কাজের সুযোগ পেলেই, যা আমার নিয়ন্ত্রণে থাকবে, তা বাস্তবায়ন করব।
তিনি আরও বলেন, আমি চাইলেই রাতারাতি ভবন বানাতে পারব না। তবে শিক্ষার্থীদের পড়ালেখার উন্নয়নে যেসব কাজ আমার আয়ত্তে থাকবে, তা অবশ্যই করব। প্রতিটি কাজেই চ্যালেঞ্জ থাকবে। সেটি অঅতিক্রম করেই কাজ করতে হবে এবং আমি করতে চাই।
কলেজের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে অধ্যাপক ইব্রাহিম খলিল বলেন, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করার চেষ্টা করব। এরপর অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এসব কাজে শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দেওয়ার চেষ্টা থাকবে। যতদিন দায়িত্বে থাকব, নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।
এর আগে গত রোববার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামে বসবাস করেন। পারিবারিক ভাবে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তিনি ১৯৮৫ সালে হাতিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক এবং ১৯৮৭ সালে সরকারি সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
১৯৯৯ সালে কবিরহাট সরকারি কলেজে যোগদানের মধ্য দিয়ে তার শিক্ষকতা ও সরকারি কলেজে কর্মজীবন শুরু হয়। সেখানে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন তিনি। এরপর স্বল্প সময়ের জন্য নোয়াখালী সরকারি কলেজে দায়িত্ব পালন করেন।
২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সরকারি কলেজে কর্মরত ছিলেন অধ্যাপক ইব্রাহিম খলিল। পরে এক বছর জয়পুরহাট সরকারি কলেজে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে রাঙামাটি সরকারি কলেজে যোগ দেন। সেখানে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন তিনি।
পরবর্তী সময়ে ২০২৪ সালে নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে পদায়ন পেয়ে এবার ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
বিভিন্ন সরকারি কলেজে দায়িত্ব পালনকালে শিক্ষক পরিষদসহ কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল। নতুন কর্মস্থলেও তার পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। দায়িত্বপালনে শিক্ষক শিক্ষার্থী ও ফেনীর স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন নবাগত অধ্যক্ষ।