ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন দাগনভূঞা উপজেলার কৃষকরা। জানা গেছে, প্রকৃতির লাঙ্গল হিসেবে পরিচিত কেঁচো এবং গোবরই ভার্মি কম্পোস্টের প্রধান উপকরণ। সিমেন্টের তৈরি রিং, স্ল্যাবে পরিমাণ মত গোবরের সঙ্গে কেঁচো ছেড়ে চটের বস্তা দিয়ে এক মাস ঢেকে রাখলেই তৈরি হয় উন্নত মানের ভার্মি কম্পোস্ট তথা কেঁচো সার।
সরেজমিনে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে গিয়ে দেখা গেছে, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্পের সহযোগিতায় প্রদর্শনী কৃষক জয় চন্দ্র দাসের মত উপজেলার আরো অনেক কৃষক বাড়ির উঠানে একচালা টিনের ঘর করে রিং, স্লাব দিয়ে উৎপাদন ও বিপনন করছে ভার্মি কম্পোস্ট।
উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক জয় চন্দ্র দাস, একই ইউনিয়নের সেকান্দরপুর গ্রামের কৃষক বেলাল হোসেন,জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীন, মাতৃভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের সিরাজুল ইসলাম, সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মোহাম্মদ দুলাল, রাজাপুর ইউনিয়নের সমাসপুর গ্রামের জাহিদুল ইসলাম ও রামনগর ইউনিয়নের কৃষক মোঃ বেলাল হোসেন এ পদ্ধতিতে সার উৎপাদন শুরু করেছেন।
এ বিষয়ে কৃষক জয় চন্দ্র দাস বলেন, প্রতি মাসে প্রায় ৫০০ কেজি ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন তিনি। প্রতি কেজি ১৮ টাকা করে বিক্রি করেন। উৎপাদিত এই কম্পোস্ট যাচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়। নিজেদের সবজি ক্ষেতে ব্যবহার করার জন্য গ্রামের কৃষকরাও উন্নতমানের ভার্মি কম্পোস্ট ব্যবহার করে উপকৃতও হচ্ছেন কৃষকরা। এতে রাসায়নিক সারের ব্যবহার কমছে আর পরিবেশবান্ধব কেঁচো সার ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
কৃষক জয় চন্দ্র দাস আরো বলেন, দাগনভূঞা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ভার্মি কম্পোস্ট উৎপাদন এবং মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা নামের এক প্রযুক্তির আওতায় কেঁচো লালন-পালন, গোবর সংগ্রহ, রিং, প্লাবে দেয়া, কম্পোস্ট তৈরির পর সেগুলো সংগ্রহ করা, কম্পোস্ট প্যাকেজিং এবং বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করি। পরে নিজের আবাদি জমিতে ব্যবহারের জন্য স্বল্প পরিসরে উৎপাদন শুরু করি। দিন দিন চাহিদা বেড়ে যাওয়ায় এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করছি। ভার্মি কম্পোস্ট উৎপাদন করে আমি বেশ লাভবান হয়েছি এবং আমার দেখাদেখি এলাকার আরও অনেকে এই কাজ শুরু করেছেন। তারাও ভাল করছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সফিক উল্যাহ বলেন, বর্তমানে রাসায়নিক সারের অতিব্যবহারে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। কিন্তু পরিবেশবান্ধব এই কম্পোস্ট মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমেছে। এই কম্পোস্ট ব্যবহারে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। কৃষি অফিস এই ধরনের উদ্যোগে যাবতীয় উপকরণ, প্রশিক্ষণ ও কেঁচো দিয়ে পরিবেশবান্ধব কম্পোস্ট উৎপাদনে সার্বিক সহযোগিতা করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান বলেন, কেঁচো সার অত্যন্ত উৎকৃষ্ট মানের জৈব সার। এতে গাছের প্রায় ১০/১২টি পুষ্টি উপাদান থাকে। এটি তৈরি করার জন্য একধরনের কেঁচো প্রয়োজন হয়। গোবর, বিভিন্ন ধরনের লতাপাতা, কলা গাছের খোল কেটে একটি রিং বা চেম্বারে রেখে এতে প্রয়োজন মত কেঁচো দিলে উক্ত কেঁচো গোবর লতাপাতা খাওয়ার পর যে মলত্যাগ করে তা থেকে উৎকৃষ্ট জৈব সার পাওয়া যায়। এই জৈব সার বিশেষ করে ফল ও সবজির জমিতে ব্যবহার হয়, এর ফলে গাছের বৃদ্ধি ও ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, উক্ত সারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় উপজেলায় বিভিন্ন প্রকল্পের সহায়তায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং এর ব্যবহার বাড়ছে।