ফেনীস্থ ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করা হয়। জব্দ করা এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকার বেশি।
জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় শুল্ক বিভাগ ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সজাগ ও সতর্ক রয়েছে। সীমান্ত অপরাধ দমনে অভিযান ও অন্যান্য কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।