২০২৪ সালে ফুলগাজীর আমজাদহাটে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন সাত আসামি। মামলার রায় ঘোষণার আগে সর্বোচ্চ দুই বছর হতে সর্বনিম্ন তিন মাস জেল খেটেছেন তারা। এরপর ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের পর আদালত মামলার রায়ে জানিয়েছে তারা ধর্ষক নন অর্থাৎ, নির্দোষ। গত ১ অক্টোবর এ মামলায় শুনানী শেষে তাদের ৭ জনকে অব্যাহতি দিয়ে রায় ঘোষণা করেছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খাঁন।
আসামিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায় ঘোষণার আগে ধর্ষণ অভিযোগে দায়ের করা এই মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম (২৬) ও দুই নম্বর আসামি নেজাম উদ্দিন (২৫) দুই বছরের বেশি সময় বিনা অপরাধে কারাগারে ছিলেন। এছাড়াও মামলার তিন নম্বর আসামি নিজাম উদ্দিন শুক্কুল (৩৭), ছয় নম্বর আসামি আবদুল মালেক (৫৩), সাত নম্বর আসামি মোহাম্মদ হানিফ (২৫) এক বছর দুই মাস কারাগারে ছিলেন। মামলার অপর দুই আসামী আবদুল লতিফ (৬০) ও আবদুল হান্নান (৩৬) তিন মাস পনের দিন কারাভোগ করেছেন। তারা সকলেই ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের বাসিন্দা।
মামলার আসামিপক্ষের আইনজীবী সাইফ উদ্দিন মজুমদার শাহীন দৈনিক ফেনীকে বলেন, ডিএনএ পরীক্ষায় সাত আসামির কারও সঙ্গে বাদীর ডিএনএ মেলেনি। আদালত তদন্তে আসামিদের গণধর্ষণের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় বাদীর নারাজি গ্রহণ না করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
মামলার নথি ও আসামিপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি ছাগলনাইয়ার একটি ভাড়া বাসায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। আসামিদের দাবি, পূর্ববিরোধের জেরে তাদের ফাঁসাতে ঘটনাটি সাজানো হয়েছিল।
মামলার তদন্তে সাত আসামির ডিএনএ পরীক্ষা করা হয়। সিআইডির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে বাদীর সঙ্গে তাদের কারও ডিএনএ না মেলার কথা উল্লেখ করা হয়েছে। তবে বাদীর নমুনায় একজন অজ্ঞাত পুরুষের ডিএনএ পাওয়ার কথা প্রতিবেদনে বলা হয়। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিবেদনে বাদী ধর্ষণের শিকার হয়েছেন বলে উল্লেখ ছিল।
মামলাটির তদন্তে দীর্ঘসূত্রতা নিয়েও প্রশ্ন ওঠে। মামলা হতে খালাসপ্রাপ্ত জানান, প্রায় দুই বছরেও অভিযোগপত্র দেওয়া হয়নি এবং এ সময়ে পাঁচজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। পরে বাদীর আবেদনের পর আদালত তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ২৩ অক্টোবর দেওয়া প্রতিবেদনে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরা হয়।
অব্যাহতি প্রাপ্ত ব্যক্তিরা জানান, এই মামলার বাদী হাজেরা আক্তার এর আগেও ধর্ষণচেষ্টার অভিযোগে অপর একটি পক্ষের বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০২৫ সালের ৮ জানুয়ারি আদালত ওই মামলায়ও সকল আসামিকে বেকসুর খালাস দেন।
ভুক্তভোগীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা করে দীর্ঘদিন কারাগারে রাখায় পরিবার ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। গণধর্ষণ মামলায় আদালতের রায়ের পর প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মামলায় অব্যাহতি পাওয়া মো. নেজাম উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে কথিত মামলাবাজ জাল কবির আমাদের সাত জনকে ফাঁসিয়েছে। আমার বিয়ের একদিন পর আমাকে আসামি করে এই মামলা হয়। এখন আমার সংসার ভাঙার উপক্রম।
অপর ভুক্তভোগী নিজাম উদ্দিন শুক্কুল বলেন, প্রকাশ জাল কবির একটি সংঘবদ্ধ মামলাবাজ চক্রের হোতা। এই সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন মামলায় কোথায়ও সাক্ষী হয়, আবার কোথাও বাদী।
মিথ্যা গণধর্ষণের মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা একজন আবদুল লতিফ। সন্তানের শোকে তার মা ইতোপূর্বে মৃত্যুবরণ করেন বলে তার অভিযোগ। তিনি বলেন, জাল কবিরের ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আমি এই চক্রের শাস্তি দাবি করছি।
তদন্ত প্রতিবেদনে যা রয়েছে
গণধর্ষণের অভিযোগে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, বাদি হাজেরা বেগম ২৪ সালের ২০ ফেব্রুয়ারি রাতে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আমজাদহাট হতে ছাগলনাইয়া যাচ্ছিলেন। রাত ১০টায় হিছাছড়া ব্রিজে পৌঁছালে ওই সাত আসামি তাকে গাড়ি হতে বের করে বলপূর্বক গণধর্ষণ করে।
অন্যদিকে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হিছাছড়া ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে কলাগাছের নিচে খালি জায়গায় গণধর্ষণের সত্যতা পাওয়া যায়নি। মামলার তদন্তে সাত আসামির ডিএনএ পরীক্ষা করা হয়। সিআইডির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে বাদীর দেহ হতে সংগৃহীত নমুনায় প্রাপ্ত ডিএনএর সঙ্গে তাদের কারও মিল পাওয়া যায়নি। তবে বাদীর নমুনায় একজন অজ্ঞাত পুরুষের ডিএনএ পাওয়ার কথা প্রতিবেদনে বলা হয়।
এতে আরও বলা হয়, মামলার বাদী আসামীদের বিরুদ্ধে পুলিশের কাছে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তাই আসামীদের এই মামলার দায় হতে অব্যাহতি প্রদানে সুপারিশ করা হয়েছে। এছাড়াও মামলার বাদী হাজেরা বেগম কারও প্ররোচনায় এবং প্রলোভিত হয়ে এজাহারভুক্ত আসামিদের হয়রানি ও ক্ষতিসাধনের অভিপ্রায়ে গণধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেছেন। তাই বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।
বাদীর বিরুদ্ধে মামলার রায়ে বিচারক কোন আদেশ দিয়েছেন কিনা জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী সাইফ উদ্দিন মজুমদার শাহীন জানান, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।