বাংলাদেশের যুব নেতৃত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শিশু অধিকার, মানবিক সহায়তা, জলবায়ু ন্যায়বিচার, নির্মল বায়ু ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রায় ১৫ বছরের কাজের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন ফেনীর যুব সংগঠক ও জলবায়ু কর্মী এস জেড অপু।
সম্প্রতি ভারতের চণ্ডীগড়ে গোস্বামী গণেশ দত্ত এসডি কলেজে ১৯তম গ্লোবাল ইয়ুথ পিস ফেস্ট ২০২৬-এ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত ১০ জন তরুণ নেতৃত্বের মধ্যে তাকে এ পুরস্কার দেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাস ও নেপালসহ বিভিন্ন দেশের প্রায় ২০টি প্রতিনিধি দল এবং ভারতের বিভিন্ন রাজ্যের ১৫০-এর বেশি প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ থেকে এস জেড অপু ছাড়াও অংশ নেন তানজিদ জিসান।
পুরস্কার পাওয়ার পর এস জেড অপু বলেন, এ স্বীকৃতি আমার একার নয়, বাংলাদেশের তরুণ, স্বেচ্ছাসেবক ও যুব সংগঠকদের সম্মিলিত অর্জন। তিনি বলেন, বাংলাদেশের তরুণেরা এখন জলবায়ু ন্যায়বিচার, নির্মল বায়ু, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সহনশীল শহর নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।
এস জেড অপু ২০০৯ সাল থেকে শিশু অধিকার ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। পরে যুব সংগঠিতকরণ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু কার্যক্রমে যুক্ত হন। করোনা মহামারি এবং ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও খাদ্য সহায়তা এবং স্বেচ্ছাসেবকদের সংগঠিত করতেও তিনি কাজ করেছেন।
বর্তমানে অপু ‘আমরাই আগামী’র পরিচালক (প্রোগ্রাম), দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম অফিসার, ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রোগ্রাম হেড এবং প্রচেষ্টা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফেস্টের ‘ইয়ুথ ভয়েস: ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট সিটিজ’ শীর্ষক অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি তানজিদ জিসান সঞ্চালক এবং এস জেড অপু আলোচক হিসেবে অংশ নেন। সেখানে জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু সহনশীল শহর, নগর ঝুঁকি ও তরুণদের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়।
তানজিদ জিসান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো সীমান্ত মানে না। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় গুরুত্ব দিতে হবে।
চণ্ডীগড়ের পরিকল্পিত নগরায়ণ ও সবুজ পরিবেশের অভিজ্ঞতা তুলে ধরে এস জেড অপু বাংলাদেশের শহরগুলোকে আরও বাসযোগ্য ও জলবায়ু সহনশীল করার ওপর গুরুত্ব দেন।