নিরাপদ ও কার্যকর রেমিট্যান্স ব্যবহার, ডিজিটাল আর্থিক সেবা, আর্থিক পরিকল্পনা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়াতে ফেনীতে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’।
আজ ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী সদর উপজেলার জেল রোডে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। ‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসব প্রবাসী পরিবারের সদস্য, বিদেশফেরত কর্মী, সম্ভাব্য অভিবাসী, তরুণ-তরুণী, নারী উদ্যোক্তা ও স্থানীয় জনগণের জন্য উন্মুক্ত থাকবে।
সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় এবং জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (UNCDF) বাংলাদেশের ‘সফল’ কর্মসূচির আওতায় এ উৎসবের আয়োজন করা হচ্ছে। কর্মসূচিটির মাধ্যমে রেমিট্যান্সের কার্যকর ব্যবহার, ডিজিটাল আর্থিক সেবা, আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করা হচ্ছে।
উৎসবে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ, কুইজ ও পুরস্কার, উদ্যোক্তা বাজার, কমিউনিটি টক শোসহ বিভিন্ন আয়োজন থাকবে। স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও অংশীজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।
উৎসবের অন্যতম আকর্ষণ কমিউনিটি টক শোতে রেমিট্যান্সের কার্যকর ব্যবহার, পরিবারভিত্তিক আর্থিক পরিকল্পনা এবং প্রবাসী পরিবার ও বিদেশফেরত কর্মীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সঞ্চয়, বিনিয়োগ, ডিজিটাল আর্থিক সেবা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের তথ্য ও পরামর্শ দেওয়া হবে।
দিনের শেষভাগে বাউল গান, যুব প্রতিভার পরিবেশনা এবং নিরাপদ অভিবাসন ও পারিবারিক আর্থিক পরিকল্পনা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে ফেনীর প্রবাসী পরিবার, বিদেশফেরত কর্মী, সম্ভাব্য অভিবাসী, উদ্যোক্তা, তরুণ-তরুণী, নারী ও স্থানীয় জনগণকে ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।