দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকার পর গত বছরের ১২ মে দৈনিক ফেনীতে সংবাদের পর নতুন ছয়তলা ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে। এবার সেই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফলে দীর্ঘদিনের নানা জটিলতা পেরিয়ে নতুন ভবনে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পথ এখন অনেকটাই সুগম হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এ অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, উদ্বোধন ছাড়াই গত বছরের জুলাই থেকে নবনির্মিত ভবনের তয় তলায় প্রশাসনিক কার্যক্রম ছাড়াও নীচ তলায় ফার্মেসি, টিকিট কাউন্টার, ডাক্তার চেম্বার এবং ২য় তলায় রোগীর অপেক্ষাগার চালু করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ছয়তলা ভবনটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস ডালি কনস্ট্রাকশন লিমিটেড। ২০১৮ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০১৯ সালে ভবনটি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। প্রায় সাত বছর পর চলতি বছরের জানুয়ারিতে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সংযোগ না থাকায় নতুন ভবনটি চিকিৎসাসেবায় ব্যবহার করা যাচ্ছিল না। এ নিয়ে গত বছর দৈনিক ফেনীতে সংবাদ প্রকাশের পর সম্প্রতি ভবনটিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে নতুন ভবন চালুর ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন ভবনের অবকাঠামোগত কাজের পাশাপাশি লিফটসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজও সম্পন্ন হয়েছে। উদ্বোধন ছাড়াই গত বছরের জুলাই থেকে ভবনটির তৃতীয় তলায় প্রশাসনিক কার্যক্রম এবং নিচতলায় ফার্মেসি, টিকিট কাউন্টার ও চিকিৎসকদের চেম্বার চালু করা হয়েছে। দ্বিতীয় তলায় রোগীদের অপেক্ষমাণ আসনের ব্যবস্থাও চালু রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বর্ধিত সেবা কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা, জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করে বর্ধিত শয্যায় সেবা চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে।
জানা গেছে, ১৯৯৭ সালে ফুলগাজীর মুন্সিরহাটে ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয়। পরে উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ৫০ শয্যার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ভবনটি চালু হলে বিদ্যমান ৩১ শয্যার সঙ্গে আরও ১৯টি শয্যা যুক্ত হবে। বর্তমানে পুরোনো ভবনেই মূল চিকিৎসাসেবা কার্যক্রম চলছে।
স্থানীয়দের অভিযোগ, রোগীর চাপের তুলনায় বিদ্যমান শয্যা ও জনবল অপ্রতুল। বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করে দ্রুত ৫০ শয্যার পূর্ণাঙ্গ সেবা চালুর দাবি জানিয়েছেন তারা।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া বলেন, দীর্ঘ অপেক্ষার পর ৫০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন পাওয়ায় ফুলগাজী উপজেলার মানুষ উপকৃত হবে। প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা দ্রুত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ‘উদ্বোধনের অপেক্ষায় ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের বহুতল ভবন, ভবন প্রস্তুত, বিদ্যুৎ নেই’ শিরোনামে গত বছরের ১২ মে দৈনিক ফেনীতে একটি সংবাদ প্রকাশিত হয়।