ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত ও চোর চক্রের সক্রিয় সদস্য, মাদক কারবারি ও মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যও সাজাপ্রাপ্ত আসামিসহ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। তবে গ্রেপ্তার ১১ জনের মধ্যে একজন আসামির নাম উল্লেখ করলেও বাকি ১০ জনের কোন তথ্য সরবরাহ করেনি। এ নিয়ে গত ১৯ দিনে মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ফেনী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকারীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে লালপুলের বেদে পল্লীর সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. নুরুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৯টি ফুয়েল পেপার রোল ও মাদক বিক্রির ৫ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একই অভিযানে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও চোরসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী মডেল থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ বিশেষ অভিযান চলছে। অভিযানে ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ প্রসঙ্গে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং চোর-ডাকাত চক্রের সদস্যসহ মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।