ফেনীর ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ফুলগাজী উপজেলার সোনাপুর বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা পণ্যগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।