ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১৭ কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের অভিভাবক থানায় না এলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মিজান রোড, ফেনী সরকারি কলেজ মাঠ, রাজাঝির দিঘির পাড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশ।
ফেনী মডেল থানা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও কিশোরদের সম্পৃক্ততায় বিভিন্ন অপরাধের অভিযোগ বাড়তে থাকায় শহরের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল-এমন ১৭ কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। তাদের মধ্যে প্রায় সবার বয়স ১৪ থেকে ১৯ বছরের মধ্যে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা কমাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটক ১৭ জনের মধ্যে ১১ জনের অভিভাবককে থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আটকদের মধ্যে দুই থেকে তিনজন ফেনীর বাইরের বাসিন্দা। অন্যদের অভিভাবকরা না এলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।